ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে জনস্বাস্থ্য পেশার সুযোগ ও সম্ভাবনা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে মাস্টারস অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্যোগে এ সেমিনার আয়োজিত হয়।
সেমিনারে মূল আলোচক ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক, গবেষণা বিষয়ক সহযোগী ডিন এবং অস্ট্রেলিয়ার জনস্বাস্থ্য সমিতির ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. আজিজ রহমান। তিনি বলেন, জনস্বাস্থ্য বিষয়ে প্রতিটি উদ্যোগ গবেষণানির্ভর হওয়া প্রয়োজন। নীতি ও কর্মপরিকল্পনা বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে তৈরি হলে সমাজের স্বাস্থ্য সমস্যা চিহ্নিত ও সমাধান সহজ হয়।
তিনি আরো বলেন, জনস্বাস্থ্য শুধু পেশা নয়। এটি সমাজের উন্নয়নে অবদান রাখার বড় সুযোগ। মনোযোগ, নিষ্ঠা ও নতুন চিন্তার মাধ্যমে এ খাতে কাজ করলে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব।
সেমিনারে সভাপতিত্ব করেন আইএসইউর জনস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ফাহমিদা বিনতে মেসবাহ। স্বাগত বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোহাম্মদ আবুল কাসেম। এতে আইকিউএসি পরিচালক মো. একরামুল হক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ শাহনাজ চৌধুরী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রফেসর আজিজ রহমান ২০ বছরের বেশি গবেষণা, শিক্ষা ও নেতৃত্বের অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসক। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের জরিপ অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় তিনি আছেন। তিনি বহু দেশে গবেষণা প্রকল্প পরিচালনা করেছেন। তার গবেষণা সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।









