বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে তার বাসায় যান দলটির সিনিয়র নেতারা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে গুলশান-২-এ খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

শায়রুল কবির খান জানান, রাত ৮টার দিকে চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে ফিরোজায় তার বাসভবনে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি অলি আহমেদ। তারা বেশ কিছুক্ষণ সেখানে থেকে খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থারও খোঁজখবর নেন।