আন্দোলনকারীদের মারধরের ঘটনায় একজন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। উত্তম নামে ওই কনস্টেবলকে স্থানীয় একটি হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর উত্তরায় সংঘর্ষের মধ্যে তিনি গুরুতর আহত হন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস জানান, উত্তরায় র্যাব সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করছিলেন। এ সময় গাড়ির চালকের আসনে থাকা র্যাবের কনস্টেবল উত্তমকে একা পেয়ে বেধড়ক মারধর করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রথমে তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে তিনি জানান।










