নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মসজিদে ভারতে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটূক্তির ঘটনায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করার অনুরোধ জানিয়ে বক্তব্য দেয়ার সময় একদল মুসল্লির হামলার শিকার হয়েছেন এসআই আজিজুল হক। গতকাল জুমার নামাজের পর সুমিলপাড়ার বিহারি ক্যাম্প কলোনি জামে মসজিদে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আজিজুল হককে উদ্ধার করে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)কে কটূক্তির প্রতিবাদে সারা দেশের মতো সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারি কলোনি জামে মসজিদ এলাকায়ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন স্থানীয় মুসল্লিরা। এ সময় বক্তব্য দেয়ার সময় সিদ্ধিরগঞ্জ থানার এসআই আজিজুল হক বলেন, ভারতের বিষয়টি ভারতেই থাক। এ বিষয়কে কেন্দ্র করে আমাদের এখানে যেন কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়। আমরা শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ জানাব। এ বক্তব্য দেয়ার সময় ২০-২৫ মুসল্লি এসআই আজিজুল হকের ওপর হামলা চালায়। এতে আজিজুল হক গুরুতর আহত হন। তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সময় বাধা দিতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান জানান, ওই এলাকায় বিট ইনচার্জের দায়িত্বে রয়েছেন হামলার শিকার এসআই আজিজুল হক। তিনি ওই এলাকার অসংখ্য মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন এবং মাদকের আস্তানা গুঁড়িয়ে দিতে সহযোগিতা করেছেন। ধারণা করা হচ্ছে, ওই এলাকার কিছু মাদক ব্যবসায়ী মুসল্লি বেশে তার ওপর হামলা চালিয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।