বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি
ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। খবর বাসস।
আজ মঙ্গলবার (৯ জুলাই) সিলেট বিভাগের ৪ জেলার ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের
৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে বসেন। কোথাও কোনোরকম অপ্রীতিকর ঘটনা
ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত
হয়।
সিলেট শিক্ষা বোর্ড সুত্র জানায়, সারা দেশে ৩০ জুন এইচএসসি পরীক্ষা
শুরু হলেও সিলেটে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তৈরি বন্যা পরিস্থিতিতে তা ৮ জুলাই পর্যন্ত
স্থগিত করা হয়েছিল। পরে পরীক্ষা পিছিয়ে ৯ জুলাই নির্ধারণ করা হয়।
শিক্ষা বোর্ড জানায়, বিভাগের চার জেলা সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন।
পুরো বিভাগের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা
দেবেন। এর মধ্যে ৩৩ হাজার ৫৯০ জন ছাত্র এবং ৪৯ হাজার ২০৫ জন ছাত্রী। এর মধ্যে সিলেটে
৩৫ হাজার ৬২০, সুনামগঞ্জে ১৫ হাজার ৬৬৪, মৌলভীবাজারে ১৬ হাজার ৫০৮ ও হবিগঞ্জে ১৫ হাজার
৩ জন পরীক্ষার্থী আছেন। বিভাগের চার জেলায় মোট ৮৭টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে
সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।










