নিরীহ নারী-শিশু ও সাধারণ ফিলিস্তিনিদের পর পশ্চিমা বিশ্বের ত্রাণ কর্মীদের যে অস্ত্র দিয়ে হত্যা করা হচ্ছে, ইসরায়েলে সে অস্ত্র সরবরাহ বন্ধ
হবে—এমন আশাপ্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে
সদ্যপ্রয়াত সাংবাদিক ও অ্যাডভোকেট আতাউর রহমান শামীম স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের
জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন,
এ হামলায় মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতা,
নৃশংসতা থামছেই না। সেখানে এইড ওয়ার্কারদের হত্যা করা হয়েছে। এটি কল্পনারও বাইরে।
হাছান মাহমুদ বলেন, ইসরায়েল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া
যুদ্ধবিরতি প্রস্তাবকেও তোয়াক্কা করছে না। আমি আশা করব, এই ঘটনার পর পশ্চিমা বিশ্বের
বোধদয় হবে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের
সরকার যে কোনো যুদ্ধের বিরুদ্ধে। আমরা ফিলিস্তিনিদের পাশে ছিলাম, আছি এবং থাকব। অবশ্যই
আমরা দুই রাষ্ট্র নীতিতে বিশ্বাস করি, কিন্তু ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে
রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যেই সেখানে শান্তি নিহিত, অন্যথায়
সে অঞ্চলে কখনও শান্তি স্থাপিত হবে না।
এর আগে স্মরণসভায় পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঢাকার বেইলী রোডে অগ্নিকাণ্ডের
ঘটনায় নিহত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা সাপ্তাহিক গণবাংলা'র প্রতিষ্ঠাতা
সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান শামীমের বর্ণাঢ্য কর্মজীবনের কথা শ্রদ্ধাভরে
স্মরণ করেন ও প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন।
হাছান মাহমুদ ভবনগুলোতে অগ্নিনির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থার ওপর গুরুত্ব
আরোপ করেন এবং অগ্নিদগ্ধদের চিকিৎসায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি
ইনস্টিটিউটের অবদানের কথা তুলে ধরেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি এবং সাপ্তাহিক গণবাংলা পত্রিকার
যৌথ উদ্যোগে আওয়ামী লীগ নেতা এম এ করিমের সভাপতিত্বে ও এম এ বাশারের পরিচালনায় বিশেষ
অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি,
প্রয়াত আতাউর রহমানের কন্যা ফারদিন রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত
মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির
সদস্য লায়ন মশিউর আহমেদ, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য মাহমুদ আল প্রিন্স,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান সুমন সরদারসহ আরো অনেকে।









