বগুড়ার বনানীতে একটি বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত ৭ জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে বনানীর লিচুতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কুন্দুরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বণিক বার্তাকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক বরিশালের হিজলা গ্রামের হৃদয় (৩০), সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন (৩৫), শামীম হোসেন (৪০) ও অজ্ঞাতপরিচয় এক নারী।
কুন্দুরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বণিক বার্তাকে বলেন, ‘সোমবার রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়।’
তিনি আরো বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম ও হাসপাতালে জামাল মারা যান। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরো একজনের মৃত্যু হয়।’










