নেত্রকোনার পূর্বধলায় বাস চাপায় অটোরিকসা আরোহী শাকিল (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিন জন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্বধলার মহিষবের এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শাকিল পূর্বধলা উপজেলার সালদিঘা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।  

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,শাকিলসহ কয়েক যাত্রী অটোরিকসায় করে পূর্বধলা বাজারে আসছিলেন। পূর্বধলা সড়কের মহিষবের এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস অটোরিকসাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকসাটি উল্টে গিয়ে আহত হন যাত্রীরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পূর্বধলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত শাকিলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।