বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেপজা অর্থনৈতিক অঞ্চলে ভরাটকাজে নিয়োজিত উপঠিকাদারি প্রতিষ্ঠান বিটিএস হোমস লিমিটেডের বিভিন্ন সরঞ্জামে পাঁচ মাসে তিনবার আগুন দেয়া হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সর্বশেষ ১১ নভেম্বর সন্ধ্যায় বিটিএস হোমস লিমিটেডের ১৬টি পিবিসি পাইপে আগুন দেয়া হয়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ৮০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্টোর অ্যান্ড ফুয়েল ইনচার্জ মোমিনুল ইসলাম ভূইয়া।

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ভরাট কাজে নিয়োজিত উপঠিকাদারি প্রতিষ্ঠান বিটিএস হোমস লিমিটেড সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৬ জুন বঙ্গবন্ধু শিল্পনগরের মেরিন ডাইক এলাকায় তাদের ১০টি পাইপে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। গত অক্টোবরে পুনরায় তিনটি পাইপে আগুন দেয়া হয়।

বিটিএস হোমস লিমিটেডের স্টোর অ্যান্ড ফুয়েল ইনচার্জ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা আতঙ্কিত। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর বর্তমান সরকারের একটি মেগা প্রকল্প।

বিটিএস হোমস লিমিটেডের প্রকল্প পরিচালক চৌধুরী এনায়তুল হক অপু জানান, গত পাঁচ মাসে তাদের সাইটের বিভিন্ন স্থানে ভরাট কাজে ব্যবহূত ২২টি দামি পাইপ ও চারটি বয় ফ্লোটারে আগুন দেয়া হয়। এতে তাদের প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে। গত জুনের ঘটনায় মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া বিষয়টি লিখিতভাবে বেজা, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের দায়িত্বে থাকা শিল্প পুলিশ ও আনসার সদস্যদের জানানো হয়।

মিরসরাই থানার উপপরিদর্শক খায়রুল ইসলাম জানান, জুনের ঘটনায় দেয়া অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যাবে।