আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে এবং ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। এ সময় আসিফ নজরুল আরো জানান, ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ফলাফলের গেজেট নোটিফিকেশনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে।’