আগামী ২০২৪-২৫
অর্থবছরের সামগ্রিক বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। আজ বৃহস্পতিবার
(৬ জুন) বিকালে জাতীয় সংসদে অর্থবিল উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান
মাহমুদ আলী।
এবার প্রস্তাবিত
বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয় থেকে আসবে ৫ লাখ ৪১ হাজার
কোটি টাকা।
মন্ত্রী বলেন,
২০২৪-২৫ অর্থবছরে মোট ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা
জিডিপির ৯ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার কোটি
টাকা এবং অন্যান্য উৎস হতে ৬১ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি।
আগামী ২০২৪-২৫
অর্থবছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা জিডিপির ১৪
দশমিক ২ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লাখ ৩২ হাজার কোটি টাকা এবং বার্ষিক
উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে উত্থাপিত
অর্থবিলে।
অর্থমন্ত্রী
আবুল হাসান মাহমুদ আলী বলেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে
২ লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ। এ হার ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে
ছিল ৫ দশমিক ২ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১ লাখ ৬০ হাজার ৯০০ কোটি
টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং ৯৫ হাজার ১০০ কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার
জন্য প্রস্তাব পেশ করছি।










