দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে নাটোরে তিনজন, লালমনিরহাট, রাজশাহী ও কক্সবাজারে দুজন করে নয়জন প্রাণ হারিয়েছেন। এছাড়া রাঙ্গামাটি, ঠাকুরগাঁও এবং কুমিল্লায় আরো তিনজন নিহতের খবর পাওয়া গেছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

নাটোর: যাত্রীবাহী বাসচাপায় ও মোটরসাইকেলের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে সিংড়া উপজেলার বারইহাটি ও গতকাল সকালে হয়বাতপুর বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মো. মোজা ও যাত্রী আত্তারি মৃধা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। আত্তারি মৃধা সিংড়া উপজেলার বড় বারইহাটি গ্রামের তাইরদ্দির ছেলে এবং মোজা একই এলাকার খইরুদ্দিনের ছেলে।

অন্যদিকে গতকাল সকালে নাটোর-বনপাড়া মহাসড়কের হয়বাতপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নাজিম উদ্দীন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে।

লালমনিরহাট: জেলার হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল সন্ধ্যায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেস নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার সবুজ (২৬) এবং একই এলাকার ফাহিম। আহত সোহাগ (২৭) হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রাজশাহী: জেলার বাগমারায় মাছবাহী পিকআপের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার হামিরকুৎসা-তাহেরপুর সড়কের রামরামা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামের শহিদুল ইসলাম (৩০) ও একই গ্রামের ফুলজান বেগম (৩২)। এ সময় ফুলজান বেগমের ৭ ও ১১ বছরের দুই সন্তান ভ্যান থেকে ছিটকে পড়ে প্রাণে বেঁচে যায়। তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোহায়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার: রামুর জোয়ারিয়ানালা এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি। গতকাল বিকালে রামুর স্বপ্নতরী পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে থানার ওসি মো. নাসির উদ্দীন।

রাঙ্গামাটি: জেলা শহরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. খোরশেদ আলম জনি (৪১) রাঙ্গামাটি পৌরসভার তবলছড়ি নিচের বাজার এলাকার জহির আহমেদ সওদাগরের ছেলে।

ঠাকুরগাঁও: জেলার রাণীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম (৩০) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের নেকমরদ কুমারগঞ্জ নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উপজেলার কাশীপুর এলাকার সোলেমান আলীর ছেলে।

কুমিল্লা: চান্দিনায় কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা লেগে মো. নাজমুল (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। নিহত নাজমুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শরৎনগর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।