দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় মুন্সিগঞ্জ, মাদারীপুর, বরিশাল ও যশোরে এসব দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের শ্রীনগর ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সিয়াম (২৫) মাদারীপুর সদর উপজেলার হাঁটুপাড়া এলাকার আলী আকবরের ছেলে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। রাজধানীর বংশাল এলাকা থেকে মাওয়ায় ঘুরতে এসে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন হাঁসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটনাস্থলেই চালক মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাদারীপুর: শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মমিন উদ্দীন খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে বন্দরখোলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিন উদ্দীন খান শিবচর উপজেলার জাহেদ আলী মুন্সিকান্দি এলাকা মৃত সোনামদ্দীন খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে বন্দরখোলা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন মমিন উদ্দীন। এ সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাইওয়ে থানার পরিদর্শক মিজু আহমেদ তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ডে মাইক্রোবাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা শাখার কর্মপরিষদের সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তালেব নিজ বাড়ি মোড়াকাঠী গ্রাম থেকে মোটরসাইকেলে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। পথে বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে চালক আবু তালেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
যশোর: জেলার ঝিকরগাছায় গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কার খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের নবীবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইফতেখার আল-মামুন তুষার (৩৫) শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার মৃত গোলাম মহিউদ্দিনের ছেলে। আহত সাহাজাদা (৩৭) রেলগেট পশ্চিমপাড়ার মৃত লুৎফার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বেনাপোল থেকে প্রাইভেট কারে তুষার ও সাহাজাদা যশোরে ফিরছিলেন। নবীবনগর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। একপর্যায়ে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তুষার।










