আন্দোলনরত আনসার সদস্যদের অনতিবিলম্বে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২৪ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ আনসার সদস্যদের দাবি-দাওয়ার বিষয়ে আন্দোলনকারীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণ আনসারদের অনতিবিলম্বে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হলো।

এর আগে দাবি-দাওয়ার ভিত্তিতে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ আনসারদের দাবি-দাওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন। সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত দাবি-দাওয়াগুলো সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করেছে। প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে। এ প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, ক) সাধারণ আনসারদের ৩ বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেয়া হয়, সে ক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে; খ) আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেয়া হবে না।

এতে আরো বলা হয়, সাধারণ আনসারদের প্রতিনিধিসহ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যাবতীয় দাবি-দাওয়াগুলো পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করে সাত কার্য দিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে। উক্ত কমিটির নিকট থেকে প্রতিবেদন প্রাপ্তির পর একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে। আমরা আশা করি, এর মাধ্যমে সাধারণ আনসারদের দাবি-দাওয়ার বিষয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে। মনে রাখা দরকার যে আনসার-ভিডিপি একটি সুশৃঙ্খল বাহিনী।