হবিগঞ্জ জেলা শহরের হরিপুর এলাকায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা মা-বাবার পাশ থেকে ২১ দিন বয়সী কন্যাশিশু চুরি হয়ে গেছে। নুসরাত জাহান ফাতেমা নামের এ নবজাতক বাবুল মিয়া ও লিজা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। একমাত্র মেয়ে হারানোর শোকে তারা এখন পাগলপ্রায়। শিশুটির বাবা বাবুল মিয়া এ বিষয়ে রোববার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিজা বেগম বলেন, ‘প্রতিদিন ভোরে আমি মেয়েকে খাওয়ানোর জন্য উঠি। রোববার উঠে দেখি আমার পাশে মেয়ে নেই। হরিপুর এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে আমরা বাস করি। আশপাশের কেউ আমার মেয়েকে নিয়ে গেছে।’
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. বদিউজ্জামান পরিবারের বরাত দিয়ে জানান, ওই দম্পতি গত শনিবার দিবাগত রাত ২টার দিকে আড়াই বছর বয়সী ছেলে রবিউল ও ২১ দিনের মেয়ে নুসরাতকে নিয়ে একই খাটে ঘুমিয়ে ছিলেন। মা ভোর ৪টার দিকে মেয়েকে দুধ খাওয়ানোর জন্য উঠে দেখেন সে খাটে নেই এবং ঘরের জানালা খোলা। এর পর থেকে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পাওয়ায় তারা পুলিশের শরণাপন্ন হন।
অভিযোগ পাওয়ার পর নবজাতকটিকে উদ্ধারে পুলিশ তদন্তে নেমেছে। গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।









