টাঙ্গাইলে নতুন করে আরো এক তরুণ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। ২১ বছর বয়সী এই তরুণের বাড়ি নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নে। এ নিয়ে টাঙ্গাইলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে ।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার রোগতন্ত্র, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে জেলা সিভিল সার্জনকে মুঠোফোনে এ তথ্য জানানো হয়। রাতেই সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান বলেন আক্রান্ত হওয়া এই যুবক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এরিস্ট্রোফার্মায় চাকরি করতেন। সে রাজধানীর পুরান ঢাকার শ্যামপুরে থাকতেন। গত শুক্রবার (১০ এপ্রিল) তিনি ঢাকা থেকে উপজেলার নন্দপাড়া গ্রামের বাড়ি ফেরেন। আক্রান্ত যুবকের বাড়িসহ গ্রামটি লকডাউন করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান বলেন, ইতিমধ্যে জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছিল ৫৫১ জনের। যার মধ্যে ৯ জনের করোনা পজেটিভ হয়েছে। গতকাল শুক্রবার জেলার বিভিন্ন উপজেলা থেকে আরও ৩৫ জনের নমুনা সংগ্রহ করে রোগতন্ত্র, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার রাতেই মুঠোফোনে নতুন করে আরেকজনের পজেটিভ থাকার কথা জানানো হয়। এ নিয়ে টাঙ্গাইলে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়ালো।
উল্লেখ্য, এর আগে গত ৮ এপ্রিল জেলার মির্জাপুরে একজন, ঘাটাইলে একজন, ১২ এপ্রিল ভূঞাপুর উপজেলায় তিনজন, মধুপুর উপজেলায় একজন, নাগরপুর উপজেলায় একজন, ১৪ এপ্রিল ভূঞাপুরে একজন ও নাগরপুরে একজনসহ মোট নয়জন করোনায় আক্রান্ত শনাক্ত হন।










