পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকার ২০২০
সালের অক্টোবর থেকে গত আগস্ট পর্যন্ত ২৪ হাজার ৩২২ একর দখলকৃত বনভূমি পুনরুদ্ধার করে
বনায়ন করেছে। অবৈধ বনভূমি পুনরুদ্ধারে এ ধারা অব্যাহত থাকবে।
শনিবার (৭ অক্টোবর) ইকোট্যুরিজম উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়
টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের দোখলা রেঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের নবনির্মিত ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মো.শাহাব উদ্দিন বলেন, যারা বৈধ কাগজপত্র ছাড়া বনের জমি দখলে রাখবে তাদের বিরুদ্ধে
অভিযান অব্যাহত থাকবে। দেশে ২২.৩৭ শতাংশ বনভূমি রয়েছে, যার আরো ২৫ শতাংশ উন্নতি করতে
হবে। এজন্য সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। জনগণের মধ্যে জনসচেতনতা
সৃষ্টি করতে পারলে অবৈধ দখল কমে যাবে এবং মানুষ বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল ৮ আসনের
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জোয়াহেরুল ইসলাম, উপ-প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়
এবং কেন্দ্রীয় সার্কেলের বন সংরক্ষক হোসাইন মুহম্মদ নিশাদসহ অনেকে।










