প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে ১৭ মার্চ শবে কদরের ছুটি মিলিয়ে এবারের ঈদে টানা সাতদিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।
এর আগে রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পহেলা রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি নির্ধারণ করে ডিএমটিসিএল। ওই সূচি অনুযায়ী, উত্তরা স্টেশন থেকে বর্তমানে সকালের প্রথম ট্রেন ছাড়ছে ৬টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। বেলা অনুযায়ী ৮, ১০, ২০ ও ৩০ মিনিট পরপর ছাড়ছে ট্রেন। অন্যদিকে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ছে সকাল সোয়া ৭টায় এবং সবশেষ ট্রেন ছাড়ছে রাত ১০টা ১০ মিনিটে। এ সূচি অনুযায়ী ঈদের আগের দিন পর্যন্ত ট্রেন চলবে বলে জানিয়েছিল ডিএমটিসিএল।
এছাড়া রমজানে ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মিলিলিটারের পানির বোতল বহন করতে পারছেন। তবে পানি যেন পড়ে না যায় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করার কথা জানিয়েছে ডিএমটিসিএল। সেই সঙ্গে ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্লাটফর্ম, কনকোর্স, এন্ট্রি অথবা এক্সিট গেটের ডাস্টবিনে ফেলতে হবে। তবে কোনো অবস্থাতেই প্লাটফর্ম, কনকোর্স ও মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।










