ইভিএম ব্যবহারে নির্বাচন ‘সুষ্ঠু হয়’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইভিএম দিয়েই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু ইভিএম ব্যবহার নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে, বিএনপির এ অভিযোগ সঠিক নয়। কারণ অতীতে যেসকল নির্বাচনের যেসব কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ হয়েছে, ওই সকল কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে এবং বেশিরভাগ কেন্দ্রে বিরোধী দল বিএনপিই জিতেছে। এ নিয়ে বিএনপির ভয়ের কোন কারণ নেই।’
আজ বুধবার দুপুরে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে কুমিল্লা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে মন্ত্রী আরো বলেন, ‘দেশে গণতন্ত্র আছে, কিন্তু গণতন্ত্র নেই বিএনপি’র ভেতরে। তাদের ঘরে এবং দলেই গণতন্ত্র নেই। তারা (বিএনপি) কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? বিএনপি এখন অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের এক বছর আগে বিএনপির সম্মেলন হয়েছে। আওয়ামী লীগ আবারও সম্মেলন শেষে করেছে। আমি দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক হয়েছি। কিন্তু আজ পর্যন্ত বিএনপি ওয়ার্কিং কমিটির সদস্যদের নিয়ে একটি কনফারেন্সও করতে পারেনি। তারা ৫০১ জনের জাম্বো জেট মার্কা একটি কমিটি করেছে। তাহলে বিএনপির কাছে কি গণতন্ত্র আশা করা যায়?’
বিএনপি আন্দোলনে এবং নির্বাচনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘...সেখানে সরকারের কোন দোষ নেই। কারণ জনগণ বিএনপি এবং তার নেতাকর্মীদের ডাকে সাড়া দেয় না।’
এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।









