দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, আগামী দিনে যারা দুদকের ওপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করবেন তাদের নাম প্রকাশ করা হবে।

আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিগ্রস্তদের ওপর চাপ বেশি আসে। তবে যারা সৎ থাকেন তাদের ওপর চাপ কম পড়ে। তিনি সতর্ক করে বলেন, আগামী দিনগুলোয় যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করবেন, আমরা তাদের নামও প্রকাশ করে দেব।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়। তবে কালো টাকার প্রভাব এবারও থাকতে পারে। তিনি উল্লেখ করেন, সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন করা, এটি কোনো লাভজনক পদ নয়। তাই নির্বাচনে অর্থের প্রভাব কমাতে সাংবাদিকদেরও চিন্তা করতে হবে।

প্রার্থীদের সম্পদ বিবরণী দাখিল প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, যদি প্রার্থীদের সম্পদ আগে দুদকে জমা দিতে বাধ্য করা হয়, তবে একটি টাস্কফোর্স গঠন করে তা যাচাই করা সম্ভব হবে।

সভায় আরো ছিলেন দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম।