যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমনের মরদেহ দেশের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় মরদেহবাহী উড়োজাহাজ। দুবাই হয়ে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮ টা ৪০মিনিটে তার মরদেহ দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, ওই সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং এ।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধার করা হয় গত ২৫ এপ্রিল। এর পর ৩০ এপ্রিল ২০২৬ টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অপর বাংলাদেশী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত হয়েছে গত ১ মে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট বৃষ্টির মরদেহ দেশে পাঠাতে পিনালেস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারকে মরদেহ একই ফিউনারেল হোমের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করেছে।










