মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে সে দেশের সেনাবাহিনীর চলমান সংঘর্ষের মধ্যে ফের বাংলাদেশ ঢুকে পড়ল দেশটির সীমান্ত রক্ষা বাহিনী বিজিপির ৯ সদস্য। আজ রোববার ( ১৪ এপ্রিল) সকালে টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্ত দিয়ে আশ্রয়ের জন্য তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আশ্রয়ের জন্য আজ রোববার সকালে তারা বাংলাদেশে ঢুকে পড়ে। এ সময় তাদের হাতে অস্ত্র ছিল। পরে তাদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে রাখা হয়েছে।’

প্রসঙ্গত, কয়েকদিন ধরে মিয়ানমারে মংডু শহরেরে আশপাশের বেশ কয়েকটি গ্রামে সংঘর্ষের ঘটনায় এপারে গুলি ও বোমার শব্দ শুনতে পায় টেকনাফের বাসিন্দারা। তাদের মধ্যে আছে এখনও আতংক। গেল ১১ মার্চ মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে এক দিনে পালিয়ে বাংলাদেশে এসেছে দেশটির বিজিপির ১৭৯ সদস্য। এরপরই একই সীমান্ত নিয়ে পালিয়ে আসে মিয়ানমার সেনাবাহিনীর তিনজন সদস্য। তারাও বর্তমানে বিজিরির হেফাজতে রয়েছে।