গাজীপুরে শিক্ষার্থী সিয়াম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন তার সহপাঠী ও এলাকাবাসী। গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস ভাংচুর করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে তাকওয়া পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিয়াম (১৯)। পথে তার সঙ্গে হাফ ভাড়া নিয়ে হেলপারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিয়ামকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি এলাকায় চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হেলপার। এ সময় সড়কে ছিটকে পড়ে একই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল বেলা ১১টার দিকে পোড়াবাড়ি এলাকায় জড়ো হন। তারা বাসচালক-হেলপারের শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেন। তাদের দাবি, পরিকল্পিতভাবে সিয়ামকে হত্যা করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মেহেদী হাসান জানান, বিক্ষোভকারীদের বুঝিয়ে দুপুর ১২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।