ঢাকাসহ বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্পে দেশের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছে। দ্রুত সরবরাহ ব্যবস্থাপনা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

আজ শুক্রবার সকালে তীব্র ভূকম্পন অনূভূত হওয়ার পর এক বার্তায় এ তথ্য জানান বিপিডিবির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শক্তিশালী ভূমিকম্পজনিত কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থাপনায় সাময়িক বিঘ্ন ঘটেছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে কোন কোন বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন কমেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পাঠানো ও বিজ্ঞপ্তিতে জানায়নি।

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। আর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এরইমধ্যে ভূমিকম্পে রাজধানীসহি বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।