সুন্দরবনের করমজল এলাকায় পথ হারানো ৩১ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে গতকাল বিকালে মোংলা থানা পুলিশ তাদের উদ্ধার করে। পথ হারিয়ে প্রায় ৩ ঘণ্টা তারা সুন্দরবনের অভ্যন্তরে ঘুরছিল। উদ্ধারকৃত পর্যটকরা চিতলমারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
উদ্ধার হওয়া মো. ফেরদৌস বলেন, ‘প্রথমে বুঝতে পারিনি আমরা পথ হারিয়ে ফেলেছি। ২ ঘণ্টা পরে বুঝেছি পথ হারিয়েছি। তার পরও ১ ঘণ্টা পথ খুঁজেছি। পরে কোনো উপায় না পেয়ে ৯৯৯-এ ফোন করেছি। মোংলা থানা পুলিশ আমাদের উদ্ধার করেছে।’
মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, বনে প্রবেশের কিছুক্ষণ পরই তারা পথ হারিয়ে ফেলেন। এর মধ্যে ফেরদৌস বুদ্ধি করে ৯৯৯ নম্বরে ফোন করেন। তারা গভীর বনে ঢুকে পড়ছিল।










