হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌর কর্তৃপক্ষের অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে দুটি রোড রোলার ও একটি মিনি ট্রাক। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এর যন্ত্রাংশ নিরুদ্দেশ হয়ে গেছে। পৌর কর্তৃপক্ষ বলছে, বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হয়েছে। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পৌরসভা সূত্রে জানা যায়, ২০০৭ সালে একটি রোড রোলার, ২০১২ সালে একটি মিনি ট্রাক ও ২০১৮ সালে দ্বিতীয় রোড রোলারটি বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয়রা বলছেন, কেনার পর থেকেই বছরের পর বছর এগুলো পড়ে রয়েছে। বরাদ্দ পাওয়ার পর সরকারের উন্নয়নমূলক কাজে এগুলো ব্যবহার করার কথা থাকলেও পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে এগুলোর ব্যবহার হয়নি কখনো। ২০১২ সালে আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়ক উন্নয়নকাজে একটি রোলার ব্যবহার করা হয়েছে নামমাত্র কয়েকদিন। সেই সময় রোলারটি দুর্ঘটনায় বিকল হয়ে যায়। এরপর থেকেই রোলারটি শিবপাশা ইউনিয়ন পরিষদের মাঠে পড়ে আছে। অন্য রোলার ও একটি মিনি ট্রাক দীর্ঘদিন একইভাবে পৌরসভা কার্যালয়ের সামনে পড়ে থাকতে থাকতেই বিকল হয়েছে।
সরজমিন দেখা যায়, শিবপাশা ইউনিয়ন পরিষদের সামনে একটি রোড রোলার অরক্ষিত অবস্থায় খোলা জায়গায় পড়ে রয়েছে। অন্যদিকে পৌর ভবনের সামনে একটি রোলার ও একটি মিনি ট্রাক দীর্ঘদিন এভাবে খোলা জায়গায় পড়ে থেকে গাড়িগুলোর অনেক যন্ত্রাংশ বিকল ও নিরুদ্দেশ হয়ে গেছে।
শিবপাশা ইউনিয়ন পরিষদের সামনে রোড রোলারটির ছবি তোলার সময় গ্রামের প্রবীণ ব্যক্তি লুৎফুর মিয়া, সমরাজ মিয়াসহ কয়েকজন জানান, ২০১২ সালের দিকে আজমিরীগঞ্জে বানিয়াচং-শিবপাশা সড়ক নির্মাণের সময় রোলারটি রাস্তার পাশে পড়ে যায়। সে সময় কর্তৃপক্ষ রোলারটি তুলে ইউনিয়ন পরিষদের সামনে রেখে গেছে, আজ অবধি এটি এখানেই অকেজো হয়ে পড়ে আছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক বলেন, ‘বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হয়েছে। নির্দেশনা পেলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’










