কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় শাড়ি, শাল-চাদরসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযানের সময় এসব মালামাল জব্দ করে।

শুক্রবার (২১ নভেম্বর) বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ দুপুরে এসব বিষয় জানান।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে আদর্শ সদর উপজেলায় কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ দল সীমান্ত এলাকায় টহল জোরদার করে। ভোরে ভারত সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে শাহেদবাজার এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে চোরাচালানকারীরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। বিজিবির টহল সদস্যরা সেখানে ফেলে যাওয়া কাপড়ের গাঁট উদ্ধার করে। এসব পোশাক সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৬৯ লাখ ৩৫ হাজার পাঁচশ টাকা।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দ করা মালামাল আইন অনুযায়ী কাস্টমসে জমা দেয়া হবে।