কোটা আন্দোলনকারী ও স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর শনির আখড়া রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে থেমে থেমে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটছে। বুধবার (১৭ জুলাই) রাতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। এতে ফ্লাইওভারে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম যান চলাচল।
আজ সকাল ১০টা থেকে শনির আখড়ায় দনিয়া কলেজের শিক্ষার্থীরাসহ স্থানীয় কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। তবে সন্ধ্যার সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। রাত ১১টা পর্যন্ত একই অবস্থা চলছিল।
এর আগে সন্ধ্যায় জানা যায়, শনির আখড়ায় পুলিশের রাবার বুলেটের আঘাতে শিশুসহ ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শনির আখড়া থেকে আসা আহত ছয়জনকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনের ঘটনায় অন্তত ৫২ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে আন্দোলনকারী, ছাত্রলীগ সদস্য, পুলিশ ও সাংবাদিক রয়েছেন।










