বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় প্রায়ই উপরের দিকে থাকে রাজধানী ঢাকা। বর্ষা ছাড়া বছরের বাকি প্রায় পুরো সময়জুড়ে এ শহরের বাতাস থাকে বেশ অস্বাস্থ্যকর পর্যায়ে। তবে গত কয়েক দিনের তুলনায় আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা অনেকটা কম।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুসারে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১২তম। এ সময় নগরীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআউ) স্কোর ছিল ১২১। সে হিসেবে ঢাকার বাতাস আজ রয়েছে ‘সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে।

আইকিউএয়ারের এ তালিকায় আজ শীর্ষে রয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব। শহরটির বাতাসের একিউআই স্কোর ৩১০। বাতাসে দূষণের এ মাত্রাকে 'দুর্যোগপূর্ণ' বলে ধরা হয়। ২৫১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই, ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় মিশরের কায়রো, ১৭৪ স্কোর নিয়ে চতুর্থ নেপালের কাঠমান্ডু ও ১৭৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি।

এছাড়া ষষ্ঠ স্থানে উগান্ডার কামপালা, সপ্তম ইসরায়েলের জেরুজালেম, অষ্টম চীনের বেইজিং, নবম পাকিস্তানের লাহোর ও দশম স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে তাকে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।