বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন। এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে নতুন বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দিয়ে গতকাল এক প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তিনি বর্তমান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হবেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপন গতকাল জারি করা হয়েছে। এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১১ জুন বিকাল থেকে বর্তমান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অবসরে যাবেন। তিনি বিধিমতে অবসর সংক্রান্ত আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। অন্য একটি প্রজ্ঞাপনে এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে বিমান বাহিনী প্রধান পদে নিয়োগের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১১ জুন বিকাল থেকে হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

আইএসপিআর জানায়, আগামী ১১ জুন অপরাহ্ণ থেকে এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি ওএসপি জিইউপি এনএসডব্লিউসি পিএসসিকে এয়ার মার্শাল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ থেকে নতুন বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ করা হয়েছে।

হাসান মাহমুদ খাঁন সর্বশেষ সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অফিসার কমান্ডিং (এওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।