রাজধানীর পল্টন থানার একটি আবাসিক হোটেল থেকে আল আমিন (৪০) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক তরুণীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। আল আমিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর রাস্তা এলাকার ফেরদৌস উদ্দীনের ছেলে।

হোটেলের বয় মোহম্মদ হানিফ জানান, আল-আমিন আজ সকালে গুলিস্তানের ৪৫ বঙ্গবন্ধু এভিনিউ রমনা ভবনের হোটেল রমনা আবাসিক নয়তলার ৯২৩ নম্বর কক্ষ ভাড়া নেন। এ সময় তার সঙ্গে এক তরুণী ছিলেন।

জানা গেছে, সৌদিতে থাকাকালীন ফেসবুকে ওই তরুণীর সঙ্গে আল আমিনের পরিচয় হয়। বিগত ৬ মাস ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ ছিল।

এদিকে আটক তরুণীর দাবি, আল আমিন ওয়াশরুমে যাওয়ার পর হঠাৎ পরে যাবার শব্দ শুনতে পান। পরে গিয়ে দেখে ওয়াশরুমের দরজা খোলা, আল আমিন মেঝেতে পড়ে আছেন। পরে তার চিৎকারে হোটেলের বয় হানিফসহ কর্তৃপক্ষ এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ওই তরুণীকে পল্টন থানায় জিজ্ঞাসাবাদে জন্য আটক রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।