পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
এর আগে ইসহাক দার দুইদিনের বাংলাদেশ সফরে গতকাল ঢাকায় পৌঁছেন। ঢাকা সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
এতে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে একটি চুক্তি ও চারটি সহযোগিতা সমঝোতা স্মারক সই হয়। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক বাস্তবতায় ঢাকা-ইসলামাবাদের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।’
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায় ঢাকা।’ তবে একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করে এ সম্পর্ক আরো উন্নয়নের মধ্য দিয়ে দুই দেশই লাভবান হবে বলে মনে করেন তিনি।










