এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে আবারো চালু হচ্ছে মেট্রোরেল। মেট্রো চলাচলের পুরনো নিয়ম অনুযায়ী সকাল থেকে রাত পর্যন্ত চলবে ট্রেন। তবে সংস্কার কাজ চলার জন্য মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশনে থামবে না ট্রেন।
আজ শনিবার (২৪ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। যাত্রীদের জন্য মেট্রোরেল ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশাবলী ডিএমটিসিএলের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেইজে পাওয়া যাবে।
এদিকে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার মেট্রোরেল ট্রায়াল (পরীক্ষামূলকভাবে চালানো) দেয়া হয়েছে। আগামীকাল (রবিবার) চালু করা সম্ভব।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। এরপর থেকে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।










