গতকাল দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক বিপ্লবী বাংলাদেশ’-এর ৫৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে “চাবুকের” ভূমিকা পালন করতে হবে। সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধ চিহ্নিত করে তা মানুষের সামনে তুলে ধরতে অনুসন্ধানী সাংবাদিকতার ওপর গুরুত্ব দিতে হবে।’
তিনি জানান, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে হবে। সীমান্ত এলাকায় নেশাদ্রব্য উৎপাদন করে বাংলাদেশকে বাজার হিসেবে ব্যবহারের গভীর ষড়যন্ত্র চলছে। অতীতে কোনো কোনো সংসদ সদস্য এসব কারবারে জড়িত থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমানে এসব কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিরা সরকার পরিবর্তনের পর ক্ষমতাসীন দলের ‘পার্টনার’ খুঁজে বেড়াচ্ছেন মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তাদের চিহ্নিত করা প্রয়োজন।’
বিএনপিতে কোনো গডফাদার বা মাস্তানতন্ত্রকে প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে গণমাধ্যমের কার্যকর ভূমিকা রয়েছে।’
সরকারের উন্নয়ন ভাবনা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘উন্নয়ন মানে শুধু দৃশ্যমান বিশাল অট্টালিকা কিংবা মেগা প্রকল্প নয়। মাটির নিচে থাকা গ্যাস সম্পদ উত্তোলন করাও সরকারের কাছে উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বিগত সরকার ১৭ বছরে দেশের নিজস্ব গ্যাস সম্পদ উত্তোলনে গুরুত্ব না দিয়ে আমদানিকারকদের সুবিধা দিতে বিপুল অর্থ ব্যয়ে বিদেশ থেকে জ্বালানি আমদানি করেছে। ফলে দেশের বিদ্যুৎ ব্যবস্থা আমদানিনির্ভর হয়ে পড়ে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার নিজস্ব গ্যাস সম্পদ উত্তোলনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত সচল রাখতে যতটুকু আমদানি প্রয়োজন, কেবল ততটুকুই আমদানি করা হবে। বাকি চাহিদা নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে পূরণের লক্ষ্য রয়েছে। এতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।’
‘দৈনিক বিপ্লবী বাংলাদেশ’-এর প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বিএনপি নেতা আজিজুল হক আক্কাস, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নগরীর বেলস পার্ক মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘জলবায়ুর পরিবর্তনের ফলে বাংলাদেশসহ সারা বিশ্ব আজ মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে অবস্থান করছে। এ সমস্যার সমাধানে বৈশ্বিক কার্যকর পদক্ষেপ ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এবং বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামসহ বিভাগীয় প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।










