কীটনাশক ও সার কম ব্যবহার হওয়ায় পুষ্টিকর এবং নিরাপদ ফল হিসেবে বগুড়ায় চাহিদা বেড়েছে পানিফলের। গত বছর যেখানে প্রায় এক হাজার হেক্টর জমিতে এটি চাষ হয়েছে সেখানে এ বছর প্রায় ১ হাজার ৪০০ হেক্টর জমিতে এটি আবাদ করা হচ্ছে। বাণিজ্যিকভাবে চাষের জমি বাড়ছে পানিফলের।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অনেক বছর ধরেই জেলায় বাণিজ্যিক ভিত্তিতে পানিফল চাষ হচ্ছে। লাভজনক হওয়ায় প্রতি বছরই এর চাষ বাড়ছে। গত বছর শীত মৌসুমে শুধু গাবতলী উপজেলাতেই পানিফল চাষ হয়েছিল ৭০০ হেক্টর জমিতে। আষাঢ় থেকে ভাদ্র-আশ্বিন পর্যন্ত চারা লাগানো যায়। চারা লাগানোর দুই থেকে আড়াই মাস পর ফল পরিপক্ক হয়। প্রতিটি গাছ থেকে তিন থেকে চারবার ফল তোলেন চাষীরা। এ ফলের কোনো বীজ নেই, মৌসুম শেষে পরিপক্ক ফল থেকে আবারো চারা গজায়। সে চারা পরে জলাশয়ে লাগানো হয়। বাজারে এটি কাঁচা ও সেদ্ধ—উভয় অবস্থাতেই বিক্রি হয়।
পানিফল পানিতেই চাষ হয়। লতানো গাছের পানির নিচে ফল ধরে। আর গাছ থাকে পানিতে ভাসমান। এতে তেমন কোনো খরচ নেই। একজন কৃষক এক বিঘা জমিতে পানিফল চাষ করলে বর্তমান বাজার দর অনুযায়ী ৯০ হাজার থেকে ১ লাখ টাকা বিক্রি করতে পারবেন। এর মধ্যে তার নিট মুনাফা থাকবে ৬০-৭০ হাজার টাকা।
বগুড়ায় এবার পাঁচ হাজার মেট্রিক টন পানিফল হয়েছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি ফল চলে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে।
সারিয়াকান্দি উপজেলার রেজাউল করিম (৫০) মাত্র এক বিঘা জমি থেকে দিনে গড়ে ৫ হাজার টাকার পানিফল বিক্রি করছেন। চলতি মৌসুমে গত ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ২০ টাকার পানিফল বিক্রি করেন তিনি। এর পেছনে তার খরচ হয়েছে ২৩ হাজার টাকা। অর্থাৎ তার নিট মুনাফা ৯৭ হাজার টাকা। পতিত জমিতে বাড়তি আয়ে খুশি রেজাউল।
উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল গ্রামের মৃত সোলেমান আলী আকন্দের ছেলে রেজাউল। গ্রামের বালেভিটে একটি বিলে তার এক বিঘা জমি রয়েছে। সারা বছর পানি জমে থাকায় জায়গাটি তেমন কোনো কাজে লাগত না। পরে কৃষি অফিসের মাধ্যমে জানতে পেরে পানিফল চাষে সফলতা পেয়েছেন। পতিত পানির জমিটিই এখন তার জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। তিনি বলেন, ‘পানিফলের ওষুধি গুণ অনেক। ফলের শুকনো শাঁস রুটি করে খেলে অ্যালার্জি ও হাত-পা ফোলা রোগ উপশম হয়। পিত্তপ্রদাহ, উদরাময় ও তলপেটের ব্যথা উপশমে এ ফল খাওয়ার প্রচলন রয়েছে। অল্প পরিশ্রমে অধিক লাভের আশায় অনেক কৃষকই এটি চাষে ঝুঁকে পড়ছেন।’
সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘এ উপজেলায় প্রতি বছর বর্ষাকালে বিশাল আয়তনের জমি পানিতে নিমজ্জিত থাকে। জমি পতিত না রেখে কৃষক যদি এ ফসল চাষ করেন, তাহলে অল্প খরচেই তারা অধিক লাভবান হতে পারবেন।’
এ কর্মকর্তা জানান, পানিফল আমাদের শরীরে ভিটামিন ও মিনারেলের জোগান দেয়, শরীরের পানিশূন্যতা রোধ করে। এটি পেটের অনেক পীড়াও দূর করে। বাজার চাহিদা বিবেচনায় চাষীরা এর প্রতি আগ্রহী হয়ে উঠছে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান বলেন, ‘লাভজনক হওয়ায় বগুড়া সদর, গাবতলীসহ বিভিন্ন উপজেলায় চাষাবাদ বেড়েছে। বর্তমানে জেলায় বাণিজ্যিকভাবে পানিফল চাষাবাদ হচ্ছে। কীটনাশক ও সার কম ব্যবহার হওয়ায় এটি পুষ্টিকর ও নিরাপদ খাবার। আগামীতে আরো বেশি জমিতে চাষাবাদের জন্য কৃষককে উৎসাহিত করা হচ্ছে।’










