মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনের ‘সুরক্ষিত সীমানায়’ প্রবেশের পর এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।
স্থানীয় সময় শনিবার দুপুর প্রায় দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে সে সময় ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন না বলে জানিয়েছে নিরাপত্তা সংস্থাটি।।
সিক্রেট সার্ভিসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ট্রাম্পের বাসভবনের উত্তর গেটের কাছে ওই ব্যক্তিকে একটি শটগান এবং একটি জ্বালানি ক্যানসহ দেখা যায়।
সংস্থাটি বলছে, তাদের এজেন্ট এবং পাম বিচ কাউন্টি শেরিফের অফিসের একজন ডেপুটি ২০ বছর বয়সী ওই ব্যক্তির মুখোমুখি হন এবং সংঘর্ষের সময় গুলি চালান। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এ ঘটনা তদন্তে এফবিআই সহায়তা করছে এবং প্রমাণ সংগ্রহ করছে বলে জানানো হয়েছে।















