সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের সব অর্জন সন্ত্রাসীদের আক্রমণে ধ্বংসলীলায় পরিণত হয়েছে। যেসব অর্জন বাংলাদেশকে প্রশংসিত করেছে, সম্মানিত করেছে, শেখ হাসিনার সে অর্জনগুলো অগ্নিসন্ত্রাসের আক্রমণে ধ্বংসলীলায় পরিণত।’
বুধবার (২৪ জুলাই) রাজধানীর শ্যামলী-আদাবর রিং রোডে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, ‘যে সেতুভবন পদ্মাসেতু করেছে সেই সেতুভবন আক্রান্ত, দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে, বিআরটিএ পুড়ে ছাই হয়ে গেছে। পদ্মাসেতু মাওয়া ও জাজিরা প্রান্তে বার বার আগুন দেয়ার চক্রান্ত হয়েছে, স্থানীয় জনগণ প্রতিরোধ করেছে। আমার দেশ ও অর্জন যখন আক্রান্ত হয় আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না।’
বিএনপি নেতাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা নেই অভিযোগ তুলে কাদের বলেন, ‘তারা এখনো ধ্বংসের সুরে কথা বলছেন। আমাদের ইতিহাস ও সংস্কৃতির ধারক বিটিভিকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। মির্জা ফখরুল এখনো ধ্বংসের সুরে কথা বলে। আর কত ধ্বংস চান? আপনারা (বিএনপি) এ দেশ চাননি, মুক্তিযুদ্ধ চাননি। আপনারা পদ্মা সেতু চাননি, মেট্রোরেল চাননি। আজ মেট্রোরেল বন্ধ— ধ্বংসলীলায় পরিণত হয়েছে।’










