ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের পাঁচ সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি জানান, ঢাকা দক্ষিণে প্রার্থী করা হয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে, আর উত্তর সিটি করপোরেশনে আরিফুল ইসলাম আদীব। এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজাল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান নাহিদ ইসলাম।

এ সময় নাহিদ ইসলাম বলেন, সরকার এরই মধ্যে বিভিন্ন সিটিতে প্রশাসক নিয়োগ দিয়ে প্রশাসনকে দলীয়করণ করে ফেলেছে। নির্বাচনে প্রশাসকদের মধ্যে কেউ প্রার্থী হতে পারবে না।

তিনি আরো বলেন, কোনো দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না। আগামী ছয় মাসের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার দাবি জানান নাহিদ ইসলাম।