পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শ্রম খাতের সংস্কার, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে। এ লক্ষ্যে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আজ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হুংবোর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। দুদিনের সফরে বাংলাদেশে আসা আইএলও মহাপরিচালক এদিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

শামা ওবায়েদ বলেন, শ্রম খাতের সার্বিক সংস্কারের মাধ্যমে শোভন কর্মপরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকদের অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনী ইশতাহারে দেয়া অঙ্গীকার বাস্তবায়নেও সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

একই সঙ্গে শ্রম প্রশাসন আরো শক্তিশালী করা, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ জনশক্তির অভিবাসন সম্প্রসারণে আইএলওর ধারাবাহিক সহযোগিতা ও গঠনমূলক সম্পৃক্ততা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, শ্রম খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আইএলওর আসন্ন গভর্নিং বডির অধিবেশনে যথাযথভাবে স্বীকৃতি পাবে এবং আইএলও সংবিধানের ২৬ অনুচ্ছেদের আওতায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান মামলাটি দ্রুত নিষ্পত্তির পথ সুগম হবে।

বৈঠকে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হুংবো বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে সরকারের প্রচেষ্টা এবং রাজনৈতিক অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি বলেন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশের সাফল্য আইএলওর অন্যান্য দেশের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও উদাহরণ হতে পারে।

তিনি শ্রম খাত সংস্কার, শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রাধিকার বাস্তবায়নে আইএলওর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আইএলওর মধ্যকার অংশীদারত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।