ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কোটা এখন সম্পূর্ণ আদালতের বিষয়। মহামান্য আদালত যে আদেশ দেবেন সেটি মেনে নেয়া সব নাগরিকের কর্তব্য। আদালতের আদেশ মানতে আমরা বাধ্য। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশ কাজ করবে। আইন-শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা কেউ চালালে সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে।

সোমবার (১৫ জুলাই) রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় শিয়া সম্প্রদায়ের নেতাদের উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

এ সময় আশুরা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে  ডিএমপি কমিশনার বলেন, আগামী ১৭ জুলাই বুধবার (১০ মহররম) পবিত্র আশুরা। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে। ঢাকায় যে সমস্ত ইমামবাড়া রয়েছে এরই মধ্যে সে সব জায়গায় ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে। অনুষ্ঠানে যারা আসবেন প্রত্যেককে চেকিংয়ের মাধ্যমে প্রবেশ করতে হবে।

তিনি বলেন, হোসেনি দালানের আশপাশের উঁচু ভবনের ছাদে সাদা পোশাক ও ইউনিফর্মধারী পুলিশ থাকবে। তাজিয়া মিছিলের সামনে, পেছনে পুলিশি নিরাপত্তা থাকবে। সমগ্র অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার পাশাপাশি সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের ছুরি, চাকু বা কোনো ধরনের দাহ্য পদার্থ না নিয়ে আসার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বৈদ্যুতিক তারের সঙ্গে দুর্ঘটনা এড়াতে পতাকার স্ট্যান্ড যেন বেশি লম্বা না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। আশা করি সবার সমন্বিত প্রচেষ্টায় সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে মহররমের সব অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পূর্বের দুর্ঘটনার কথা মাথায় রেখেই আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

ব্রিফিংকালে শিয়া সম্প্রদায়ের নেতারাসহ ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) ও অতিরিক্ত আইজিপি এ কে এম হাফিজ আক্তার; অ্যাডিশনাল কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত আইজিপি ড. খ. মহিদ উদ্দিন; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান; যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন।