গতকাল বাগেরহাট জেলা জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেয়ার আগে সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তেল সংকটের প্রসঙ্গ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার ও বিরোধী দল একযোগে পদক্ষেপ নেয়ার পরই জ্বালানি তেলের সংকট কেটে যায়। অথচ কেউ অতিরিক্ত তেল সরবরাহ করেনি। এতে বোঝা যায়, সমন্বিত উদ্যোগ অনেক সংকটের কার্যকর সমাধান দিতে পারে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। অতীতে সংসদে মারামারি, হাতাহাতি, এমনকি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সভ্য, গণতান্ত্রিক ও শালীন সংসদীয় সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়। উসকানি এলেও তারা শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার পক্ষে থাকবে।’
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এত নির্যাতন, এত হত্যাকাণ্ড ও এত মানুষের আহত হওয়ার পরও তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই।’
এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, বাগেরহাটের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, মনজুরুল হক রাহাদ ও অধ্যক্ষ আব্দুল আলীম এবং জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে বাগেরহাট কামিল মাদরাসা মাঠে আয়োজিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডা. শফিকুর রহমান।










