মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসির ‘নবায়ন প্রিমিয়াম সংগ্রহ ও তামাদি পলিসি চালুকরণ’ সংক্রান্ত একটি উন্নয়ন সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত এ সভায় সারা দেশ থেকে আগত কোম্পানির বিভিন্ন স্তরের উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।
মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসির ৩০ বছর পূর্তি উপলক্ষে সেপ্টেম্বর ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চার মাসব্যাপী ‘নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব’ নামে বিশেষ একটি ক্যাম্পেইন শুরু করা হয়েছে। যেসব মাঠকর্মী সেপ্টেম্বর মাসের নবায়ন প্রিমিয়াম সংগ্রহ ও তামাদি/পেইড-আপ পলিসি চালুর লক্ষ্যমাত্রা অর্জন করেছেন, তাদের ওই সভায় পুরস্কৃত করে উৎসাহ দেয়া হয়।
মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, ‘নবায়ন প্রিমিয়াম হলো লাইফ বীমার মূল চালিকাশক্তি। কিন্তু লাইফ বীমা খাতে নবায়ন প্রিমিয়াম সংগ্রহের চেয়ে প্রথম বর্ষের প্রিমিয়াম সংগ্রহের ওপর অধিক গুরুত্ব দেয়া হয়ে থাকে। ফলে একটি বড় অংশের পলিসি তামাদি ও পেইড-আপ হয়ে যাচ্ছে, যা বীমা খাতের সমস্যা বৃদ্ধির একটি উল্লেখযোগ্য কারণ।’
তিনি বলেন, ‘মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে নবায়ন প্রিমিয়াম সংগ্রহ এবং তামাদি ও পেইড-আপ পলিসি চালুর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।’
উল্লেখ্য, মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি বিগত বছরগুলোতে ৪ হাজার ৪২৮ কোটি ৫০ লাখ টাকার বীমা দাবি পরিশোধের মাধ্যমে পলিসিহোল্ডারদের আস্থা অর্জন করেছে। ২০২৫ সালে কোম্পানিটি ২৮৬ কোটি ৭৮ লাখ টাকা দাবি পরিশোধ করেছে এবং দাবি পরিশোধের হার ছিল ৯৮ দশমিক ৭৪ শতাংশ। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটি ১৯৪ কোটি ১৮ লাখ টাকা দাবি পরিশোধ করেছে।
কোম্পানিটি মৃত্যু দাবি-সহ সব বীমা দাবির অর্থ পলিসিহোল্ডারদের ব্যাংক হিসাবে আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় বিইএফটিএন ও আরটিজিএসের মাধ্যমে পাঠিয়ে থাকে। এ প্রক্রিয়ায় পলিসিহোল্ডাররা ঘরে বসেই বীমা দাবির টাকা পেয়ে থাকেন।
সভায় আরো বক্তব্য দেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ও বিআইএর সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল), কোম্পানির পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক এফসিএ, কনসালটেন্ট ও হেড অব মার্কেটিং জয়নাল আবেদীন ভূঁঞা এফএলএমআই এবং কোম্পানির উন্নয়ন কর্মকর্তারা।- বিজ্ঞপ্তি










