রাজশাহীতে ১৪ বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে চারঘাট উপজেলার কালুহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন চারঘাট  উপজেলার কালুহাটি গ্রামের বাসিন্দা মফিজ উদ্দিন (৭৫) ও খেতাব আলী ঘরামি (৮০)। গতকাল বিকালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ এ তথ্য জানান। 

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারঘাট মডেল থানায় ২০০৯ সালের ৪ এপ্রিল গোলাম হোসেন নামে এক ব্যক্তি মামলা করেন। এ মামলার তিন আসামি মারা গেছেন। একজন পলাতক রয়েছেন এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার এ সময় রাজাকার খেতাব ও মফিজের নৃশংসতার বর্ণনা দেন।