সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ কোটা রেখে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছেন আপিল বিভাগ। তবে এ রায় প্রত্যাখ্যান করেছে বৃহত্তর পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। গতকাল কোটা পদ্ধতি নিয়ে আপিল বিভাগের রায় অবিবেচনাপ্রসূত বলেও মনে করেন সংগঠনটির নেতারা। ইউপিডিএফ সমর্থিত পিসিপির সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা যৌথ বিবৃতিতে এ রায়কে প্রত্যাখ্যান করেছেন।

বিবৃতিতে পিসিপি নেতারা বলেন, ‘সমতলে বসবাসরত ৫০টির বেশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ১ শতাংশ কোটা পর্যাপ্ত নয়। কোন বিবেচনায় ৫০টির বেশি জাতিসত্তার জন্য মাত্র ১ শতাংশ কোটা সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে, তা আমাদের বোধগম্য নয়। এটি পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর প্রতি বৈষম্য।’

এদিকে উচ্চ আদালতের রায় প্রত্যাখ্যান করে ৫ শাতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা পুনর্বহাল দাবিতে গতকাল বিকালে রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে পিসিসি।