সিরাজগঞ্জে ইয়াকুব আলী হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মরদেহ গুম করার চেষ্টায় প্রত্যেককে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সালমা মাসুদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনি কান্দিপাড়া গ্রামের রইচউদ্দিন প্রামাণিকের ছেলে মো. আব্দুর রহিম খলিফা (৫০), শুকুর
আলী সরকারের ছেলে আব্দুর রহমান (৪৮) ও ওয়াজেদ আলীর ছেলে খুশি আলম ওরফে সাইফুল ইসলাম (৪২)। সাজাপ্রাপ্তদের মধ্যে আব্দুর রহমান পলাতক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার এনায়েতপুর থানার রূপনাই গাছাপাড়া গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে ইয়াকুব আলী খুকনি কান্দিপাড়া গ্রামের খুশি আলম ও আব্দুর রহিম খলিফার মেয়েদের উত্ত্যক্ত করত। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহমান, খুশি আলম ও আব্দুর রহিম খলিফা ২০২০ সালের ৫ জানুয়ারি ইয়াকুব আলীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ইসলামপুর গ্রামের একটি সরিষা খেতে ফেলে দেয়।









