চাকরি স্থায়ীকরণের দাবিতে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের হাতে টানা তিনদিন অবরুদ্ধ রয়েছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। এদিকে উপাচার্যকে বন্দিদশা থেকে মুক্ত করার চেষ্টা করেছেন শিক্ষার্থীরা। গতকাল সকালে উপাচার্যের কার্যালয়ে ‘কর্মচারী সিন্ডিকেট বন্ধ করতে হবে’ স্লোগান দিয়ে মিছিল নিয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের স্বচ্ছতা চাওয়া এবং উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার পেছনে জড়িত কর্মচারীদের শাস্তির দাবি জানান।

শিক্ষার্থীরা কার্যালয় থেকে বের করে নিয়ে আসতে চাইলে উপাচার্য ড. ফরহাদ শিক্ষার্থীদের জানান, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত অবগত। সেখান থেকে নির্দেশনা এলেই আমি কার্যালয় থেকে বের হব।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির পক্ষ থেকে উপাচার্যকে স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে তৃতীয় শ্রেণীতে অ্যাডহক ভিত্তিতে কর্মরত ২২ জন কর্মচারীর চাকরি স্থায়ীকরণসহ ১৪ দফা দাবি জানানো হয়। কিন্তু তাদের দাবি না মানায় বুধবার সকাল থেকে উপাচার্য ড. মো. ফরহাদ হোসেনকে নিজ কার্যালয়ে তালা লাগিয়ে অবরুব্ধ করে রেখেছেন তৃতীয় শ্রেণীর কর্মচারীরা।