কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারবেন না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান। নোটিসটি গত মঙ্গলবার স্বাক্ষর করেছেন তিনি।
নোটিসে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে অত্র হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদেরকে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এই চিঠিটি যেদিন পরিচালক ইস্যু করেন সেদিন ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি মামলা দায়ের করেন শাহবাগ থানায়। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলেননি হাসপাতালের পরিচালক। এ ব্যাপারে হাসপাতালের কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। এখন পর্যন্ত চুরি যাওয়া নবজাতকটি উদ্ধার হয়নি।










