ডাক অধিদপ্তরের ৬৯ কোটি টাকার শতাধিক গাড়ির হিসাব দিতে না পারায় অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি শিকদার ও পরিচালক (পরিকল্পনা) আবু তালেবকে সভা থেকে বের করে দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অধিদপ্তরের এসব সম্পদের হিসাব নিয়ে আসতে বলেন প্রতিমন্ত্রী। ৩০ মিনিট পরে হিসাব নিয়ে সভায় যোগ দেন মহাপরিচালক।

গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাকভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। ‘দেশের ডাকঘরসমূহে চিলার চেম্বার কার্যকর ও ই-কমার্স সেবা সম্প্রসারণে বেসরকারি অংশীদারত্ব: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে ডাক অধিদপ্তর।

বৈঠক সূত্রে জানা যায়, ডাক বিভাগের ৪৬২টি গাড়ির মধ্যে অচল ১৩৫টিই। প্রায় ৬৯ কোটি টাকা দামের এসব গাড়ি পড়ে আছে কেন? প্রতিমন্ত্রী এর কারণ জানতে চান ডাক বিভাগের পরিচালক আবু তালেবের কাছে। কিন্তু ওই কর্মকর্তা সদুত্তর দিতে না পারায় ডিজিসহ তাকে মিটিং থেকে বের হয়ে যেতে বলেন। পরে যাবতীয় হিসাব-নিকাশ নিয়ে প্রায় ৩০ মিনিট পর আবার সম্মেলন কক্ষে ফেরত আসেন মহাপরিচালক তরুণ কান্তি সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘গাড়ি, সার্ভিস পয়েন্ট, এমনকি জমির সঠিক ব্যবহার করতে না পারায় বছরে ৭০০ কোটি টাকা লোকসান গুনছে ডাক বিভাগ। এ অবস্থায় গাড়ি ও জমি বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে। সব গাড়ি ও সার্ভিস পয়েন্ট ছাড়াও প্রয়োজনে ডাক বিভাগের সব জায়গাও বেসরকারি প্রতিষ্ঠানকে লিজ দেয়া হবে। চলতি জুনের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে চুক্তি হবে।’