মানিকগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া গাজীপুর, মাগুরা, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরো চারজন নিহত হয়েছেন। সোমবার রাতে ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

মানিকগঞ্জ: গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধূলন্ডী বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাক। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। নিহতদের মধ্যে জুয়েল রানা (৩২) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার শামসুল হকের ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম হোসেন।

গাজীপুর: মহানগরীর পুবাইলে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের করমতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হাবিব (১৮) টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়ার বাসিন্দা। তিনি পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, হাবিব মোটরসাইকেলে করে পুবাইলের মীরেরবাজারের দিকে যাচ্ছিলেন। করমতলায় একটি ইজিবাইক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় নরসিংদী থেকে আসা ঢাকাগামী পুবাইল পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মাগুরা: শ্রীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন মণ্ডল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল উপজেলার সারঙ্গদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নয়ন ওই গ্রামের বিকু মণ্ডলের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গৌতম ঠাকুর জানান, সকালে এক আত্মীয়কে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে সারঙ্গদিয়া বাজারে আসেন নয়ন। পরে বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি ইজিবাইককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই নয়ন মারা যান।

নেত্রকোনা: পূর্বধলায় ট্রাকচাপায় হালিমা খাতুন (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে পূর্বধলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন উপজেলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে সাব্বির হোসেন (১৬) নামে এক কিশোর (১৬) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। গত সোমবার রাতে শিবগঞ্জ স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর মহল্লার মৃত শাহলাল আলীর ছেলে। আহতরা হলেন একই এলাকার নিলয় (১৬) ও ইয়াকুব আলী (১৯)।