উজানে ভারী বৃষ্টিপাত ও পূর্বাভাসে হাওর অঞ্চলে আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি দেখা দেয়ায় আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ শুরু করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় সিলেটের কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার আটটি ইউনিয়নে ২ হাজার ৭০০টি অতিদরিদ্র পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, হাওর এলাকায় বর্তমানে বোরো ধান কাটার গুরুত্বপূর্ণ সময় চলছে। এ সময়ে বন্যা দেখা দিলে কৃষকদের সারা বছরের প্রধান আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এ পরিস্থিতিতে আগাম পদক্ষেপ নিয়ে ফসল রক্ষা, আয় সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত পরিবারকে ৫ হাজার টাকা করে বহুমুখী নগদ সহায়তা দেয়া হচ্ছে। সহায়তা প্রদানে নারীপ্রধান পরিবার, বয়স্ক ও প্রতিবন্ধী সদস্য থাকা পরিবারকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এ অর্থ দিয়ে কৃষকরা অতিরিক্ত শ্রমিক নিয়োগ, ধান কাটার যন্ত্র ভাড়া, ঘর মেরামত, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর কিংবা খাদ্যসংস্থান করতে পারবেন। এ ছাড়া আকস্মিক বন্যা ও বজ্রপাত নিয়ে সতর্কবার্তা সরাসরি স্থানীয়দের কাছে পৌঁছে দেয়া হচ্ছে, যাতে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।

ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল বলেন, দুর্যোগ আঘাত হানার আগেই জীবন ও জীবিকা রক্ষায় আগাম পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ কৃষকদের ফসল রক্ষা এবং সম্ভাব্য বড় ধরনের সংকট এড়াতে সহায়তা করবে।